ভোট এলে হিন্দু সম্প্রদায় ও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের ওপর হামলা, নির্যাতন, লুণ্ঠন চলবে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, মানুষদের খুন করা হবে—তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রুখে দাঁড়াতে হবে।
গতকাল শনিবার সাতক্ষীরায় এক সমাবেশে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল এসব কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের মতো ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। আমাদের শক্তিকে আরও দৃঢ় করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জানান দিতে হবে, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ, স্বাধীনতাবিরোধী কিংবা অপশক্তির স্থান নেই। এ দেশ সকল ধর্মের মানুষের।’
সুলতানা কামাল বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর যা চলছে, তাতে একটি স্বাধীন দেশের মানুষ হিসেবে যে কারও মাথা নত হয়ে আসে। এ নির্মমতা লজ্জা ও অপমানের। মুক্তিযুদ্ধের এ দেশে তা গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধের সময় যে অঙ্গীকার ছিল, তা থেকে কোনো বিচ্যুতি নয়। যতই নির্যাতন, নিপীড়ন আর ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হোক না কেন, কোনো অবস্থায় আপস নয়।
সুলতানা কামাল বলেন, ‘নির্বাচন গণতন্ত্রের প্রধান অংশ। কিন্তু আপনারা রাজনীতি করেন ক্ষমতায় যাওয়ার জন্য। যে মানুষগুলোকে ব্যবহার করে ক্ষমতায় যান তাঁদের কথা ভুলে যান। আমাদের কাছে স্থানীয় জনপ্রতিনিধিদের জবাব দিতে হবে, কেন নির্যাতিত মানুষগুলোর পাশে যাননি। কেন তাদের পাশে দাঁড়াননি। একাত্তরের পরাজিত শক্তিকে নিয়ে যাঁরা নির্যাতন চালাচ্ছেন, তাঁদেরও জবাবদিহি করতে হবে। একটি স্বাধীন দেশের সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিতে পরাজিত শক্তি যা খুশি করে বেড়াবে, তা মেনে নেওয়া যায় না। ঐক্যবদ্ধভাবে আইনি লড়াই, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত ও মুক্তিকামীকে লড়াই চালিয়ে যেতে হবে। মুক্তিকামী মানুষ কোনো দিন পরাজয় মেনে নিতে পারে না। সাতক্ষীরাসহ সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিচার বিভাগীয় তদন্ত, জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক দল নিষিদ্ধ এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সভাপতি কাজী রিয়াজ। বক্তব্য দেন সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ প্রমুখ।
সুলতানা কামাল শুক্রবার দুই দিনের সফরে সাতক্ষীরায় আসেন। ওই দিনই তিনি ১২ ডিসেম্বর রাতে কলারোয়ার সরসকাটি গ্রামের আওয়ামী লীগের নিহত নেতা মেহেদি হাসান জজ মিয়া এবং ১৩ ডিসেম্বর পুড়িয়ে দেওয়া দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের বাড়ি পরিদর্শন করেন।