একাত্তরের স্মৃতিচারণা করলেন মার্ক টালি ও সায়মন ড্রিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করলেন দুই বিদেশি সাংবাদিক মার্ক টালি ও সায়মন ড্রিং। তাঁরা দুজনেই যুদ্ধাপরাধের বিচারের কথা বলেছেন। প্রয়োজনে একাত্তরে তাঁদের করা প্রতিবেদনগুলোও তাঁরা উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গতকাল সোমবার রাতে এক অনুষ্ঠানে দুই সাংবাদিক সেই সময়ের নানান ঘটনা তুলে ধরেন। অনুষ্ঠানে একাত্তরের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। ‘স্মৃতি ৭১’ শিরোনামের এই অনুষ্ঠান আয়োজনে পৃষ্ঠপোষকতা করে শিল্পগোষ্ঠী মোহাম্মদী গ্রুপ ও হা-মীম গ্রুপ।জাতীয় সংগীতের পর নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের আবৃত্তি দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকসহ কয়েকজন মন্ত্রী ও সাংসদসহ লেখক-শিক্ষাবিদ, সচিবসহ বিভিন্ন পেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই স্মৃতিচারণা অনুষ্ঠানে।মার্ক টালি একাত্তরে বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা ছিলেন। স্মৃতিচারণায় তিনি বলেন, একাত্তরে যে যুদ্ধাপরাধ হয়েছে তার বিচার হওয়া উচিত। কার কী ভূমিকা ছিল, তার জবাবদিহি হওয়া উচিত। তিনি বলেন, মুক্তিবাহিনীর অনেকের কাছ থেকেই তিনি সে সময় সংবাদ সংগ্রহ করতেন। আরেক সাংবাদিক সায়মন ড্রিং ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ সংবাদদাতা ছিলেন। তিনিই প্রথম বিশ্ববাসীর কাছে বাঙালি নিধনযজ্ঞের খবর প্রকাশ করেন। গতকাল সেই স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, ‘সে সময় এখানে যে গণহত্যা হয়েছিল, আমি সেটিই বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি।’