একাদশ খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাদশ খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলসহ তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট গতকাল সোমবার থেকে এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘একাদশ খুনি-ধর্ষক প্রতিরোধ দিবস’ উপলক্ষে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাজীব কর্মকার, সাধারণ সম্পাদক হাসান আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাসির উদ্দিন, সাংস্কৃতিক জোটের সভাপতি মাহি মাহফুজ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যেকোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। এদিকে সমাবেশে গত ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রত্যক্ষভাবে দায়ী করেন বক্তারা। এ ছাড়া তাঁরা যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক সনোয়ার হোসেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষকের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রহসনমূলক এবং দোষীদের বাঁচানোর অপচেষ্টা বলে দাবি করেন।পরে সন্ধ্যা সাতটায় মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর থিয়েটার পরিবেশন করে নাটক গরু। আজ মঙ্গলবার রয়েছে ধ্বনির আবৃত্তি প্রযোজনা ‘হাত বাড়িয়ে দাও’। কাল বুধবার জাহাঙ্গীরনগর থিয়েটার পরিবেশন করবে নাটক ‘একটি নন ফিকশন’ ও ‘গিরগিটি’। প্রতিটি অনুষ্ঠান মুক্তমঞ্চে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে তৎকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেঞ্চুরিয়ান ধর্ষক হিসেবে পরিচিত জসীম উদ্দীন মানিক ও তাঁর সহযোগীদের তীব্র আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা। এর পর থেকে প্রতিবছর ক্যাম্পাসে ২ আগস্ট ‘খুনি ধর্ষক প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়।