একাদশ নির্বাচন মিস করবেন না: হাছান মাহমুদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন মিস না করতে প্রধান বিরোধী দল বিএনপিকে পরামর্শ দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার রাজধানীর খদ্দর মার্কেটের সামনে অবরোধবিরোধী সমাবেশে তিনি এ পরামর্শ দেন।
হাছান মাহমুদ বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আসবেন বলে আমরা মহাজোটের মধ্যে আসন ভাগাভাগি করে নিয়েছিলাম। কিন্তু আপনারা যে ওয়াকওভার দেবেন, আমরা ভাবিনি। নির্বাচনের ট্রেন মিস করেছেন, সেই ট্রেন থামানোর চেষ্টা করবেন না। কারণ সেই ট্রেন গন্তব্যে পৌঁছাতে আর মাত্র দুই দিন বাকি। তাই আপনাদের বলব, একাদশ নির্বাচন মিস করবেন না।’
হাছান মাহমুদ বলেন, ‘বিরোধীদলীয় নেতা নির্বাচন ঠেকাতে গিয়ে নিজেই ঠেকে গেছেন। গণতন্ত্র যাত্রার নামে তিনি ঢাকায় সন্ত্রাসীদের সমাবেশ করতে চেয়েছিলেন। সেই সমাবেশে চরমভাবে ব্যর্থ হয়ে তিনি অনির্দিষ্ট কালের জন্য অবরোধ দিয়েছেন।’
হাছান মাহমুদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী ৫ জানুয়ারি নির্বাচনের পরও আমাদের রাজপথে থাকতে হবে। নির্বাচনের পর নতুন সরকারের প্রধান কাজ হবে, যারা পেট্রলবোমা ছুড়েছে, তাদের নির্মূল করতে হবে। আমাদের লজ্জা লাগছে বিরোধী দলের ব্যর্থতা দেখে। বিরোধী দলের নেতা-কর্মীদের লজ্জাও নেই। বিরোধী দলের নেতাদের পুলিশও খুঁজে পাচ্ছে না। তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, জাকির আহমেদ, আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।