একাদশ নির্বাচনের জন্য সংলাপের আহ্বান আ.লীগের
একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ ও সমঝোতার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
গতকাল বুধবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ আহ্বান জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের লিখিত বক্তব্যে বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সংলাপ ও সমঝোতার মাধ্যমে প্রধান বিরোধী দলসহ সব নিবন্ধিত দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। আমরা আশা করি, বিরোধী দল প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে।’
ওবায়দুল কাদের দাবি করেন, ‘বাংলাদেশের অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো রক্ষার অত্যাবশ্যকীয় তাগিদে আসন্ন ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ছাড়া আমাদের সামনে বাস্তবসম্মত ও সংবিধানসম্মত কোনো বিকল্প ছিল না।’ তিনি বলেন, নববর্ষের শুরুতেই ‘সর্বনাশা অবরোধ’ কর্মসূচি দিয়ে আবারও ‘গোটা জাতিকে অবরুদ্ধ’ করে ফেলা হয়েছে। ইতিহাসের এক নজিরবিহীন নিষ্ঠুর সহিংসতা ও নাশকতার কাছে দেশের ১৬ কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছে। তিনি গত কয়েক মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।