একাদশ নির্বাচনের জন্য সংলাপের আহ্বান ওবায়দুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপ ও সমঝোতার আহ্বান জানালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

লিখিত বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সংলাপ ও সমঝোতার মাধ্যমে প্রধান বিরোধী দলসহ সব নিবন্ধিত দল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন।আমরা আশা করি, বিরোধী দল প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবেন।’

ওবায়দুল কাদের বলেন, নববর্ষের শুরুতেই ‘সর্বনাশা অবরোধ’কর্মসূচি দিয়ে আবারও ‘গোটা জাতিকে অবরুদ্ধ’করে ফেলা হয়েছে।ইতিহাসের এক নজিরবিহীন নিষ্ঠুর সহিংসতা ও নাশকতার কাছে দেশের ১৬ কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছে।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘এ সত্য দিবালোকের মতোই স্পষ্ট যে, বাংলাদেশের অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো রক্ষার অত্যাবশ্যকীয় তাগিদে আসন্ন ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ছাড়া আমাদের সামনে বাস্তবসম্মত ও সংবিধানসম্মত কোনো বিকল্প ছিল না।’গত কয়েক মাসে রাজনৈতিক সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।