বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতে সরকারদলীয় মন্ত্রী ও নেতারা একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপের কথা বলছেন। একাদশ সংসদ নিয়ে
সংলাপের বিষয়টি ‘সর্বৈব অসত্য ও নির্লজ্জ মিথ্যাচার’। তিনি বলেন, দশম সংসদ নির্বাচনের নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনা এবং তফসিল স্থগিত করার দাবিতেই বিএনপি সংলাপে অংশ
নিয়েছিল, একাদশ সংসদ নির্বাচন নিয়ে নয়।
গতকাল বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে দশম সংসদ নির্বাচনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
দশম সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে গত মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি সেটা
জানি না। কিন্তু যা অবস্থা, তাতে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আনার সুযোগ নেই। বাকিটা আপনারা বুঝে নিন।’
ওবায়দুল কাদেরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় বিএনপির একটি
প্রতিনিধিদল আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে দশম সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সংলাপ শুরু করেছিল। তিনটি বৈঠকও হয়েছে। সর্বশেষ বৈঠকে বিএনপির পক্ষ থেকে ফলপ্রসূ সংলাপের পরিবেশ
সৃষ্টির লক্ষ্যে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়।
আওয়ামী লীগের প্রতিনিধিরা প্রস্তাবগুলো নিয়ে তাঁদের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে আবার বৈঠকে বসতে চেয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত তাঁরা বৈঠকে বসার কোনো তারিখ জানাননি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনমত ও আন্তর্জাতিক বিশ্বকে উপেক্ষা করে আজ্ঞাবহ কমিশনের মাধ্যমে পাতানো নির্বাচনে প্রার্থীবিহীন নির্বাচনী প্রক্রিয়ায় ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আর এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করতে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে তাদেরই বিরুদ্ধে ব্যবহার করে নির্বিচারে
হত্যাযজ্ঞ চালাচ্ছে।’
জাতীয় পার্টির প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ও তার নেতাকে নিয়ে সরকারের তৈরি নাটক তাদের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় বহন করে।’