একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা গতকাল শনিবার ভর্তি হতে শুরু করেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য তারা ২২ জুন পর্যন্ত সময় পাবে। এরপর ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে।
তবে গতকাল প্রথম দিনে কোনো কোনো কলেজে গিয়ে দেখা গেছে, কম শিক্ষার্থী ভর্তি হয়েছে। দুপুরের পর রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে গিয়ে দেখা গেছে, ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। এই কলেজের ভর্তি কমিটির আহ্বায়ক মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা ৩টা পর্যন্ত মাত্র ৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অথচ কলেজটিতে আসন ১ হাজার ২০০, যার প্রতিটির বিপরীতে মেধাক্রম করে দেওয়া হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারে একেকজন শিক্ষার্থী সর্বোচ্চ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে (অনলাইনে ১০ ও মুঠোফোনে খুদেবার্তায় ১০) ভর্তির জন্য আবেদনের সুযোগ পেয়েছে। আবেদনকারীদের প্রত্যেকের মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকা করা হয়েছে। এ জন্য দেখা গেছে, একজন শিক্ষার্থী একাধিক কলেজেও মনোনীত হয়েছে। আর এ কারণেই প্রথম দিনে অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগে ভর্তি হয়নি।
ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন প্রথম আলোকে বলেন, অনেক শিক্ষার্থী কয়েকটি করে কলেজে মনোনীত হওয়ায় তাঁর চেয়ে তুলনামূলক খারাপ ফলের শিক্ষার্থীরা অপেক্ষমাণ তালিকায় পড়েছে। এ জন্য নিয়মিত ভর্তির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকার মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।