পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত সোমবার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২২ জন শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেয়।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণিতে তাদের কলেজে ভর্তির জন্য ২২ জন শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে অনলাইনে আবেদন করে। ওই শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী ছিল না। এ অবস্থায় শিক্ষার্থীরা বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করে। এ পরিপ্রেক্ষিতে বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে সোমবার বরিশাল বোর্ডের কলেজ পরিদর্শক মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। এ ছাড়া কলেজটির পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না তা সাত দিনের মধ্যে জানাতে কলেজের অধ্যক্ষকে নোটিশ দেন।
মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা তাদের ইচ্ছেতে ভর্তি হয়েছিল। তবে কিছু শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য আমাদের কলেজের বিরুদ্ধে শিক্ষা বোর্ডে অভিযোগ করা হয়েছে। আমার প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের কখনোই অন্যত্র ভর্তির ব্যাপারে বাধা দেওয়া হয়নি।’