ভর্তিতে শিক্ষার্থীর পছন্দক্রম ও যোগ্যতা (এসএসসি ও সমমানের ফল) অনুযায়ী শিক্ষা বোর্ড থেকেই একটি কলেজ ঠিক করে দেওয়ার নিয়ম রেখে গতকাল রোববার একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির জন্য অনলাইন ও এসএমএসের মাধ্যমে আগামীকাল ৯ মে মঙ্গলবার থেকে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ২৬ মে পর্যন্ত।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে হবে। আর এসএমএসের (খুদে বার্তা) মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। এরপর একজন শিক্ষার্থী যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেওয়া হবে। অনলাইনের জন্য www.xiclassadmission.gov.bd ঠিকানায় এবং টেলিটকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।
কোনো কোনো অভিভাবকের জিজ্ঞাসা, কোনো শিক্ষার্থী যদি তার বাড়ির কাছের কলেজে ভর্তির জন্য আবেদন করে, তবে তা দেওয়া হবে কি না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন, পছন্দক্রমে নাম থাকলে এবং ওই কলেজে ভর্তির যোগ্যতা থাকলে হবে, না হয় পছন্দক্রমে থাকা পরের কলেজগুলোয় হবে।
গত বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১০ বোর্ডের অধীনে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পাস করেছে। তারা এখন একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় আছে।
আবেদন, ফল ও ভর্তি কবে
নীতিমালা অনুযায়ী, আবেদনের পর নির্ধারিত সময়ে যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল (তালিকা) প্রকাশ করা হবে ৫ জুন। এরপর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীই কলেজে ভর্তির নিশ্চয়তার কথা জানাবে, যা আগে করত কলেজ। নিশ্চয়তার (নিশ্চয়ন) কাজটি হবে ৬ থেকে ৮ জুন। এরপর ৯ ও ১০ জুন অন্য কলেজে যাওয়ার (মাইগ্রেশন) আবেদন বা অপশনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। একই সময়ে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৩ জুন। দ্বিতীয় ধাপের মাইগ্রেশন এবং তৃতীয় ধাপের আবেদন নেওয়া হবে ১৬ ও ১৭ জুন। তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৮ জুন। এসব প্রক্রিয়া শেষে ভর্তির কাজ হবে ২০ থেকে ২২ জুন এবং ২৮ ও ২৯ জুন। ক্লাস শুরু হবে ১ জুলাই।
যারা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও ৯ মে থেকে ২৬ মের মধ্যে আবেদন করতে হবে। তবে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা আবার ৩০ ও ৩১ মে আবেদনের সুযোগ পাবে।
তবে এই নীতিমালায় যা-ই থাকুক না কেন, স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। এসব প্রতিষ্ঠান নিজস্ব শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করে অবশিষ্ট শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। যেমন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। তবে এসব প্রতিষ্ঠানেরও ভর্তির কাজ হবে অনলাইনে।
এবারও আগের মতো কেবল এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির অন্যান্য নিয়মকানুনও আগের মতোই রাখা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, সেশন চার্জসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার, ঢাকা ব্যতীত অন্যান্য মহানগর এলাকায় তিন হাজার টাকার বেশি হবে না। ঢাকা মহানগরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে পাঁচ হাজার টাকার অতিরিক্ত অর্থ নিতে পারবে না। ঢাকা মহানগরের আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং এমপিও বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফি, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ নয় হাজার এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নিতে পারবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
ভর্তির নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।