২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে অনেক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বিড়ম্বনায় পড়ছে। তারা অনলাইনে আবেদন করতে গিয়ে দেখতে পাচ্ছে, আবেদন আগেই করা হয়ে গেছে। এমনকি তাদের না জানিয়েই কলেজের পছন্দক্রম দেওয়া হচ্ছে। এ কারণে অনেকে কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবে না বলে আশঙ্কা করছে।
অনলাইনে ও খুদে বার্তায় এই ভর্তির কাজটি তদারককারী ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তাও স্বীকার করেছেন, তাঁরা এ ধরনের কিছু অভিযোগ পেয়েছেন। তাঁদের আশঙ্কা, এক শ্রেণির শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফল করা শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে ভর্তির জন্য এমনটি করে থাকতে পারে। আবার অনেকে ষড়যন্ত্র করেও তা করতে পারে। তবে যেসব শিক্ষার্থী তাদের কাছে অভিযোগ দিচ্ছে, তাদের আগের আবেদনটি বাতিল করে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে।
রাজধানীর দক্ষিণখান এলাকার মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থীর বেলায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া একজন শিক্ষার্থীর স্বজন প্রথম আলোকে জানান, ওই শিক্ষার্থী আরও ভালো কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করে যখন তা জমা (সাবমিট) দিতে যাবে, তখন দেখতে পায়, তার আবেদন আগেই জমা হয়ে গেছে। শুধু তা-ই নয়, তার আবেদনে প্রথম পছন্দ হিসেবে মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নাম দেওয়া হয়েছে। পরে ওই শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে গিয়ে এ বিষয়ে অভিযোগ করলে তা সংশোধনের সুযোগ করে দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষার্থীর বেলায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানান ওই স্বজন। এ বিষয়ে কথা বলার জন্য ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বক্তব্য নিতে মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি।