একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আরও ৮২ হাজার মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শেষ দফায় ৮২ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ তালিকা প্রকাশ করে। মনোনীত শিক্ষার্থীদের আগামীকাল শনিবার ও পরদিন রোববারের মধ্যে ভর্তি হতে হবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন। এর মধ্যে প্রথম তিন দফায় মনোনীতদের মধ্য থেকে ১০ লাখ ৪৪ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে। এর বাইরে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ছাড়াই ভর্তি হয়েছে ৪৩ হাজার ৯৬০ জন। আর আদালতের রায়ের ভিত্তিতে পরীক্ষা নিয়ে তিনটি কলেজ ৫ হাজার ১৫১ জনকে ভর্তি করেছে। আর এখনো পর্যন্ত ভর্তির জন্য আবেদনই করেনি ১ লাখ ৬ হাজার ৫৫১ জন।

একাদশ শ্রেণিতে ভর্তির বিষয় নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এখনো যারা ভর্তির বাইরে আছে, তারা ইচ্ছা করলে শূন্য আসন থাকা কলেজগুলোতে ভর্তি হতে পারবে। সে ক্ষেত্রে তাদের অনলাইনেও আবেদন করতে হবে না। বিষয়টি এখন উন্মুক্ত। কলেজগুলো ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি নিতে বাধ্য থাকবে। এ ছাড়া ভর্তি হয়েছে এমন শিক্ষার্থী তাদের পছন্দের অন্য কোনো কলেজে ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তি হতে পারবে।

এখনো ভর্তির জন্য আবেদন করেনি এমন শিক্ষার্থীদের ২৭ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। তিনি প্রথম আলোকে বলেন, টিসির মাধ্যমে ভর্তির সময় নির্ধারণ করা হবে আন্তশিক্ষা বোর্ডের সভায়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যারা এখনো ভর্তির আবেদন করেনি, তাদের আরেকবার অনলাইনে ভর্তির আবেদনের সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ, সনাতন পদ্ধতিতে ভর্তির সুযোগ রাখায় বাণিজ্য হওয়ার আশঙ্কা আছে।

এবারই প্রথমবারের মতো ভর্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়েছে। কিন্তু কারিগরি ত্রুটির জন্য চারবার সময় পিছিয়ে ২৮ জুন মধ্যরাতের পর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। তালিকা প্রকাশের পর বিভিন্ন ধরনের ভুল-ভ্রান্তি বের হয়। এতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।

এবার ভর্তিযোগ্য কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ছিল ৮ হাজার ৯৩৩টি। এর মধ্যে প্রায় দেড় শ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই আবেদন করেনি।