একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১২ লাখ ৬৫ হাজার আবেদন
২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। শেষ দিন বিকেল পর্যন্ত প্রায় ১২ লাখ ৬৫ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন জমা দিয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর আজ বিকেল সোয়া চারটার দিকে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন শেষ পর্যন্ত এই সংখ্যাটি আরও কিছু বাড়বে।
গত ২৬ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছিল। এবারও অনলাইনে ও মুঠোফোনে খুদে বার্তায় আবেদন নেওয়া হয়েছে। ভর্তি-ইচ্ছুক একজন শিক্ষার্থী অনলাইনে এক আবেদনেই ১০টি কলেজ পছন্দক্রম দিতে পারছে। পাশাপাশি খুদে বার্তায় আরও ১০টি কলেজে আবেদন করা গেছে। গতবার শুধু পাঁচটি কলেজ পছন্দক্রম দেওয়ার সুযোগ ছিল। এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এই কাজটি করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
এখন আবেদন যাচাই-বাছাই করে ১৬ জুন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর আসনের বিপরীতে নির্বাচিত শিক্ষার্থীর ভর্তি এবং ভর্তির তথ্য জানাতে হবে ১৮ থেকে ২২ জুনের মধ্যে। অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ২৩ থেকে ৩০ জুনের মধ্যে। তবে বিলম্ব ফি দিয়ে আগামী ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে। এবার ক্লাস শুরু হবে ১০ জুলাই।