একাদশ শ্রেণিতে ভর্তির ফি কমানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির ফি কমানোর জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার ওই নির্দেশ দেন।
শিক্ষা বোর্ডের জারি করা ভর্তির প্রজ্ঞাপনে উল্লেখ আছে, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় এক হাজার টাকার বেশি হবে না। পৌর (জেলা সদর) এলাকার ক্ষেত্রে দুই হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকার বেশি ফি নিতে পারবে না। কিন্তু নাসিরনগর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল প্রথম আলোতে ‘একাদশে ভর্তিতে বাড়তি টাকা আদায়ের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এ ছাড়া স্থানীয় লোকজন ও অভিভাবকেরা বিষয়টি ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমেদকে জানান। ইউএনও কলেজ কর্তৃপক্ষকে ভর্তির ফি কমানোর নির্দেশ দেন।
কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘ইউএনও ভর্তির ফি কমিয়ে ১ হাজার ৬০০ টাকায় আনার জন্য বলেছেন। বিষয়টি নিয়ে পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করা হবে।’