চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কলেজগুলোর একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। দুই দফার মধ্যে প্রথম দফায় এ কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত চলবে। পরের দফায় ভর্তি কার্যক্রম চলবে ২৮ থেকে ২৯ জুন।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায়ী, এবার কলেজে ভর্তির ক্ষেত্রে সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল বা পৌর (উপজেলা) এলাকায় ১ হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, কলেজে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিতে পারবে না কলেজগুলো। বিষয়টি বোর্ড তদারকি করবে। কোনো কলেজ বাড়তি ফি নিলে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার (চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার) ২৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৭৫ টি। এসব কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রথম দফায় আবেদন করে ১ লাখ ৯ হাজার ৮২ জন শিক্ষার্থী। আসনের তুলনায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৪৯৩ জন কম ছিল। ৫ জুন প্রকাশিত প্রথম পর্যায়ের ফলে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ৯৭ হাজার ১৫০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৮৪ হাজার ৩৯১ জন ‘ভর্তির প্রাথমিক নিশ্চায়ন’ কার্যক্রম সম্পন্ন করেছে। পরের ধাপে আবেদন করা ৯ হাজার ৫৭৩ জনের মধ্যে নির্বাচিত হয় ৭ হাজার ৩৩৫ জন।