একাদশ শ্রেণির ভর্তি নিয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে একদল বহিরাগত যুবক কলেজের ভেতরে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়েছেন। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আতঙ্কে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ জরুরি একাডেমিক কাউন্সিলের সভা করে নতুন মেধাক্রম অনুযায়ী ভর্তির তালিকা টানিয়ে দেয়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত শূন্য আসনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
কলেজের শিক্ষক ও কর্মচারীরা জানিয়েছেন, গত ২৬ জুন দুপুরে কুমিল্লা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে নগরের দক্ষিণ চর্থা ও মনোহরপুর এলাকার একদল বহিরাগত কলেজ কর্তৃপক্ষকে অনৈতিক চাপ দেয়। এতে কলেজ কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করে। তখন ২০-২৫ জনের একটি দল কলেজে হামলা চালায়। তখন আতঙ্কে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে মেধাক্রম অনুযায়ী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বেশির ভাগই ভর্তি না হয়ে ভয়ে বাড়ি ফিরে যায়। এ অবস্থায় কলেজের অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব ওই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেন। একই সঙ্গে নতুন করে ভর্তির তালিকা টানিয়ে দেন।
ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বহিরাগত যুবকেরা গতকাল মঙ্গলবার সকাল থেকেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দেন। দুপুর ১২টায় কলেজের জরুরি একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। এতে মেধাক্রম অনুযায়ী ভর্তির পাশাপাশি আগে বাদ পড়াদেরও সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই খবর কলেজের বাইরে অপেক্ষমাণ বহিরাগতদের মধ্যে ছড়িয়ে পড়ে। বেলা একটা ৪৫ মিনিটে বহিরাগতরা কলেজের প্রধান ফটকের ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে। একই সঙ্গে একটি ফাঁকা গুলি করে। ওই সময়ে কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এলে বহিরাগতরা পালিয়ে যায়। এরপর কলেজ কর্তৃপক্ষ মেধাক্রম অনুযায়ী তালিকা টানিয়ে দেয়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত নতুন তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মো. জামাল নাছের বলেন, বহিরাগত যুবকেরা ককটেল ও গুলি ছুড়ে পালিয়ে যান। ওঁদের নাম জানা যায়নি।
অধ্যক্ষ এ এস এম আবদুল ওহাব বলেন, ‘ঝামেলার কারণে আগের তালিকার মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে পারেনি। তাই আমি ওদের ভর্তির সুযোগ দিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে বহিরাগতরা এ কাজ করেছে। এরা কোনো দলের লোক নয়। এখন নতুন তালিকা অনুযায়ী ভর্তি চলবে।’