নেত্রকোনা সরকারি কলেজে ছাত্রলীগ নামধারী কতিপয় কর্মীর অবৈধ হস্তক্ষেপ ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে গতকাল রোববার একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কলেজের শিক্ষক পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগের কর্মীরা তাতেও বাধা সৃষ্টি করেন এবং ব্যানার ছিনিয়ে নেন।
কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের নামধারী কতিপয় নেতা-কর্মী দুদিন ধরে অপেক্ষমাণ তালিকা থেকে এবং অনির্বাচিতদের মধ্য থেকে শিক্ষার্থী ভর্তির জন্য কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন। কলেজ কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় গতকাল রোববার সকালে ছাত্রলীগের কয়েকজন কর্মী অফিসকক্ষে ঢুকে ভর্তি ফরম ছিনিয়ে নেন এবং টেবিল-চেয়ার ছুড়ে মারাসহ শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদে কলেজের শিক্ষক পরিষদ জরুরি সভায় করে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। বেলা সোয়া একটার দিকে শিক্ষকেরা ক্যাম্পাসের ভেতরে শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করলে ছাত্রলীগের কর্মীরা সেখানেও বাধা দেন এবং ব্যানার ছিনিয়ে নেন। ফলে শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি পণ্ড হয়ে যায়।
ছাত্রলীগের নেতা সোহানুর রহমান বলেন, অধ্যক্ষ নিয়মবহির্ভূতভাবে তাঁর পছন্দের লোকজনকে ভর্তি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের ওপর চড়াও হননি। ভর্তিবঞ্চিত শিক্ষার্থীরা ক্ষোভে এসব ঘটনা ঘটিয়েছেন।
কলেজের অধ্যক্ষ এ এন এম মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ছাত্রলীগের অভিযোগ সত্য নয়। বোর্ডের দেওয়া তালিকার বাইরে থেকে ভর্তির এখতিয়ার আমার নেই। কতিপয় ছাত্র আমাকে ও আমার শিক্ষকদের লাঞ্ছিত করেছে, যা দুঃখজনক। তারা শিক্ষকদের মানববন্ধনের ব্যানারও ছিনিয়ে নিয়েছে।’