একাদশ শ্রেণির ভর্তিতে নির্বাচিতদের ফল প্রকাশ
২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে গতকাল শনিবার দিবাগত রাতে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক হারুন অর রশীদ আজ রোববার প্রথম আলোকে বলেন, প্রথম দফায় আবেদন করেছিল ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জন ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। মোট আবেদনকারীর মধ্যে ৯৪ শতাংশকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। বাকি ৬ শতাংশকে নির্বাচিত করা যায়নি।
প্রথম দফায় ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৯ ও ২০ জুন। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ২১ জুন। তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ২৪ জুন এবং ফল প্রকাশ ২৫ জুন। এবার শিক্ষার্থী ভর্তির নিশ্চয়তা না দিলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। প্রতিষ্ঠান পরিবর্তনসহ (মাইগ্রেশন) অন্যান্য কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ হবে। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।