একাদশ শ্রেণীতে অতিরিক্ত আসনের জন্য ১৩৭ কলেজের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের ৩০৫টি কলেজের মধ্যে ১৩৭টি কলেজ নির্ধারিত আসনের বাইরে একাদশ শ্রেণীতে অতিরিক্ত আসন বাড়ানোর আবেদন করেছে। এসএসসিতে পাসের হার বেড়ে যাওয়ায় কলেজগুলো অতিরিক্ত আসন দাবি তুলছে। অতিরিক্ত আসন বাড়ানো হবে কি না, তা নিয়ে শিগগির বৈঠকে বসবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের কলেজ শাখার একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। কলেজ শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক দিন ধরে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১৩৭টি কলেজ একাদশ শ্রেণীতে নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত আসন বরাদ্দের জন্য আবেদন করেছে। এর মধ্যে কুমিল্লার ৪২, নোয়াখালীর ২৪, চাঁদপুরের ২২, ব্রাহ্মণবাড়িয়ার ২১, লক্ষ্মীপুরের ১৫ ও ফেনীর ১৩টি কলেজ রয়েছে। আবেদন করা কলেজের মধ্যে ২৩টি সরকারি কলেজও রয়েছে। জানা যায়, কুমিল্লার চিওড়া সরকারি কলেজে গত ২০ বছর শিক্ষার্থীর আকাল ছিল। এবার ওই কলেজ ব্যবসায় শিক্ষা শাখায় অতিরিক্ত ২০০ এবং মানবিকে অতিরিক্ত ১৫০ আসন বরাদ্দের জন্য আবেদন করেছে। ওই কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৫০টি করে মোট ৪৫০ আসন রয়েছে।কুমিল্লা সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগে ৩০০ আসন রয়েছে। এবার ওই কলেজে একই বিভাগে অতিরিক্ত ১৫০ আসন বরাদ্দ চাওয়া হয়েছে। ফেনী সরকারি কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ৯০০ আসন রয়েছে। ওই কলেজে তিন বিভাগে ১৫টি করে মোট ৪৫টি আসন বরাদ্দের আবেদন করা হয়। কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক বলেন, ‘আবাসন ব্যবস্থাসহ কুমিল্লায় উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান পড়ার অন্যতম কলেজ হওয়ায় আমরা বাড়তি আসন চেয়েছি। আশা করি বোর্ড আমাদের আবেদন মূল্যায়ন করবে।’ কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক নিজামুল করিম প্রথম আলোকে বলেন, ‘বোর্ডে প্রতিদিনই আসন বাড়ানোর জন্য আবেদনপত্র জমা পড়ছে। আমরা বৈঠক করে করণীয় কী, তা ঠিক করব।’জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস বলেন, ‘যেসব কলেজে পর্যাপ্ত শিক্ষক ও অবকাঠামো নেই সেখানে আসন বাড়ানো হবে না। আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে আমরা অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেব।’