একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে ভাঙচুর, অধ্যক্ষ লাঞ্ছিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তিকে কেন্দ্র করে কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে ব্যাপক ভাঙচুর ও অধ্যক্ষসহ শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষকেরা এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করবেন। পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ একাদশ শ্রেণীর অপেক্ষমাণ তালিকায় থাকা ৫০ শিক্ষার্থীকে ভর্তি করাতে যান। ভর্তি কমিটির সদস্যরা অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে একদল ছাত্র অফিস কক্ষ, অধ্যক্ষের কক্ষের দরজা-জানালাসহ আসবাব ভাঙচুর করেন। এ ছাড়া অধ্যক্ষকে লাঞ্ছিত করেন। বেলা তিনটার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রথমে টেবিলের নিচে, পরে শৌচাগারে আশ্রয় নেন। শিক্ষার্থীরা সেখানে গিয়ে হামলা চালায়।’ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিবতোষ নাথ প্রথম আলোকে বলেন, ‘বোর্ডের নীতিমালা মেনে শিক্ষার্থী ভর্তি করাচ্ছি। কিছু আসন খালি থাকায় ২ জুলাই থেকে বিলম্ব ফিসহ ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ছাত্রনেতা আজকেই (গতকাল) ভর্তির জন্য চাপাচাপি করে। একপর্যায়ে তারা যা করেছে তা বর্ণনা দেওয়ার ভাষা আমার নেই।’ ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ বলেন, ‘অপেক্ষমাণ তালিকার বাইরে থেকে ১০ শিক্ষার্থীকে ভর্তির প্রতিবাদ করতে গেলে অধ্যক্ষ আমাদের বলেন, তোমরা বাড়াবাড়ি করলে আর ভর্তি করানো হবে না। এ কথা শোনার পর বিক্ষুব্ধ ছাত্ররা হামলা চালায়।’ দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ সন্ধ্যায় বলেন, এ ঘটনায় কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি (জিডি) করেছে।