মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ না পেয়ে শিক্ষার্থীরা গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশে আজ মঙ্গলবারের মধ্যে ভর্তির সুযোগ না দিলে তাঁরা এসএসসির সনদপত্র পুড়িয়ে ফেলার হুমকি দেন।বেলা একটার দিকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বেলা দেড়টার দিকে শহরের চৌমোহনায় এসে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবরোধ করেন। পরে উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা শান্ত হন।আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে তাপসচন্দ্র শীল বলেন, আসনসংখ্যা বৃদ্ধি ও ডবল শিফট চালুর দাবিতে ২১ জুন তাঁরা শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দেন। একই দাবিতে তাঁরা ২৩ জুন স্থানীয় সাংসদ চিফ হুইপ মো. আবদুস শহীদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর কাছে স্মারকলিপি দিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি।কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণীতে ৯০০ আসনের বিপরীতে এক হাজার ৫০৫টি আবেদন জমা পড়েছে। ৯০০ জনের ভর্তির তালিকা দেওয়া হয়েছে। আজ ভর্তির শেষ দিন।ইউএনও ফয়েজ আহাম্মদ বলেন, ‘শিক্ষার্থীদের কথা আমরা শুনেছি। উপজেলা প্রশাসনের এ বিষয়ে তেমন কিছু করার নেই। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।’