একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ
স্থগিত করে দেওয়া একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম আবার শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। স্থগিত করার এক দিন পর গতকাল সোমবার ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।গতকালই আপিল বিভাগ চলতি শিক্ষাবর্ষে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা ছাড়া একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ সংশোধন করে দেন। ওই স্থগিতাদেশ নটর ডেম কলেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে উল্লেখ করে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।আদালতের আদেশের পর ঢাকা বোর্ড ভর্তির কার্যক্রম শুরু করে। জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে ওয়েবমেইলে মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেওয়া হয়েছে। এ ছাড়া মুঠোফোনের মাধ্যমেও ফল পাওয়া যাবে। আপিল বিভাগের আদেশের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আদেশের ফলে নটর ডেম কলেজ ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ওই নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে আইনি কোনো বাধা নেই।