বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে অচলাবস্থার নিরসন হয়েছে। স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম আগামী রোববার থেকে শুরু হবে। চলবে সোমবার পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার কলেজে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্র নাথ দাসের উপস্থিতিতে ভর্তি কমিটি ও ছাত্রলীগের নেতাদের মধ্যে সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।অস্বচ্ছতার অভিযোগ এনে গত ২৩ জুন ছাত্রলীগের নেতা-কর্মীরা একাদশ শ্রেণীতে ভর্তি-প্রক্রিয়া বন্ধ করে দেন। তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এতে কলেজ কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম বন্ধ রাখে।গতকালের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বোর্ডের কম্পিউটার কেন্দ্র থেকে পাঠানো অপেক্ষমাণ তালিকা থেকেই বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ২৬৬টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শেষ হওয়ার পর বোর্ডের অনুমোদন সাপেক্ষে বর্ধিত সময়ে গ্রামীণ ও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করা হবে।বৈঠকে বলা হয়, অপেক্ষমাণ তালিকায় ভর্তির জন্য কলেজ থেকে তালিকা প্রকাশ করা ঠিক হয়নি। কারণ, ওই তালিকায় কিছু ত্রুটি ছিল। এ কারণে ভর্তি-সংক্রান্ত বিষয়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্র নাথ দাস সাংবাদিকদের বলেন, ‘অপেক্ষমাণ তালিকা নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। মন্ত্রণালয়ের নির্দেশে দুই পক্ষের সঙ্গে আলোচনার পর সেটি নিরসন করা হয়েছে।’