একাদশীও গেল ভারতে

শীতের রৌদ্রমাখা সকালে মায়ের কোলে ঘুমাচ্ছে ফুটফুটে ‘একাদশী’। মাত্র দুই দিন আগে তার জন্ম। কী দেশ কী সীমান্ত—কিছুই বোঝে না সে। জন্মভূমির টান বুঝে ওঠার আগেই তাকে ছাড়তে হলো দেশ।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দহলা খাগড়াবাড়ি বিলুপ্ত ছিটমহলের মায়া রানী ও মদন চন্দ্র রায়ের সন্তান একাদশী। একাদশীর রাতে জন্ম বলে তার নাম রাখা হয় একাদশী রানী।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় দেবীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আযম ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্তের হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন। সেখানে মায়ের কোলে কাঁথা-কম্বল মোড়ানো অবস্থায় ছিল একাদশী। তার পরিবার ভিটাসহ জায়গাজমি বিক্রি করে শুধু ব্যবহার্য জিনিসপত্র নিয়ে ভারতে গেল। বিদায়ের মুহূর্তে ছোট্ট শিশুকে নিয়ে অঝোরে কাঁদছিলেন মায়া। এ সময় তিনি বলেন, ‘স্বামীর জন্যই আমাকে সবকিছু ছেড়ে সদ্যোজাত শিশুকে নিয়ে চলে যেতে হচ্ছে। জন্মসূত্রে একাদশী বাংলাদেশি। কিন্তু বেড়ে উঠবে ভারতের নাগরিক হিসেবে। বড় হয়ে একদিন হয়েতো সে বলবে, আমি তো বাংলাদেশি।’
একাদশীর বাবা মদন চন্দ্র রায় বলেন, একাদশী বড় হয়ে জানবে তার জন্ম বাংলাদেশেই।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম বলেন, ‘স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশ থেকে যাঁরা ভারতে যাচ্ছেন; তাঁরা সেখানে যেন সুখী হন, ভালো থাকেন—এই কামনাই করি।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০টি পরিবারের ১৫০ জনের ভারতে যাওয়ার কথা থাকলেও দুই শিশুর জন্ম হওয়ায় এ সংখ্যা বেড়ে ১৫২ হলো।