একাদশে ভর্তির আবেদন করেনি সোয়া লাখ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাস করেও ১ লাখ ২৬ হাজার ৪৯৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি, যা মোট পাস করা শিক্ষার্থীর প্রায় ৯ শতাংশ।

গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার নির্ধারিত সময় ছিল। তবে যারা টাকা জমা দিয়েও নির্ধারিত সময়ে আবেদনের সুযোগ পায়নি, শুধু তারা গতকাল শনিবারও আবেদন জমা দেওয়ার সুযোগ পেয়েছে। এসব তথ্য প্রথম আলোকে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর। তিনি বলেন, সর্বশেষ হিসাব অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছে ১৩ লাখ ৫ হাজার ২২৪ জন শিক্ষার্থী।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছিল ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। ৯ মে থেকে অনলাইনে ও খুদে বার্তার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নেওয়া শুরু হয়। মনজুরুল কবীর বলেন, আবেদনকারী ১৩ লাখ হলেও তারা মোট আবেদন করেছে ৬২ লাখ ১১ হাজার ৩৩৪টি। এই হিসাবে একজন শিক্ষার্থী গড়ে প্রায় পাঁচটি করে আবেদন করেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবারও ভর্তি কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েট। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। এরপর আরও দুই দফায় আবেদন নেওয়া হবে। নির্ধারিত সময়ে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।