একাদশের প্রস্তুতি নিন - বিএনপিকে সুরঞ্জিত
জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন না করে, একাদশ সংসদ নির্বাচনের আলোচনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আগামী ৫ জানুয়ারিই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর সংসদীয় সভায় আলোচনার মাধ্যমে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনও দিতে পারি। তাই সহিংসতার পথ পরিহার করে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার প্রস্তুতি নিন।’ তিনি বলেন, ‘বিএনপিকে বলব জামায়াতের সঙ্গ ত্যাগ করুন। তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করে, নিজেদের কর্মসূচি পালন করুন।’
‘জামায়াতকে বাদ দিয়ে নির্বাচনে আসুন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রস্তাবে প্রধান বিরোধী দল বিএনপিকে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান সাবেক এই দপ্তরবিহীন মন্ত্রী।