একাধিক উদ্যোগ, সফল হচ্ছে না বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। প্রবেশদ্বার দিয়ে বের হয়ে আসতেই নাকে লাগে উৎকট গন্ধ। প্রবেশদ্বারের পাশে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে ময়লা-আবর্জনা। এতে আরও কাহিল হয়ে পড়ে হাসপাতালের রোগী ও তাঁদের স্বজনেরা। একই অবস্থা পথচারীদেরও।
জেনারেল হাসপাতালের সামনের এ রকম দৃশ্য পুরো চট্টগ্রাম নগরেই দেখা যায়। প্রতিনিয়ত এ দুর্ভোগ সহ্য করতে হচ্ছে নগরবাসীকে। এর মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন পরিচ্ছন্ন কার্যক্রম বন্ধ ছিল। ফলে বর্তমানে কোথাও কোথাও তা অসহনীয় আকার ধারণ করেছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, গত এক বছরে একাধিক পদক্ষেপ নিয়েও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সফলতার মুখ দেখছে না সংস্থাটি। এ জন্য জনবলসংকট ও পর্যাপ্ত যানের অভাব এবং নগরবাসীর সচেতনতাকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে ২০১২-১৩ অর্থবছরে ২০ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে আটটি প্রকল্প নেয় করপোরেশন। ইতিমধ্যে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত, প্রতিদিন দুই বেলা করে বর্জ্য পরিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় গত ১ নভেম্বর।
করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ কাউন্সিলররা। গত ২১ নভেম্বর অনুষ্ঠিত করপোরেশনের ৪১তম সভায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেয়রকে অনুরোধ জানান তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরের মেহেদীবাগ, গোলপাহাড় মোড়, ব্যাটারিগলি, আলমাস সিনেমা হলের মোড়, কাজীর দেউড়ি বাজার, দেশের অন্যতম বড় সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজার, দেওয়ান বাজার, কাতালগঞ্জ, আসকারদীঘি, জামালখান, কুসুমবাগ আবাসিক এলাকা, গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি, চান্দগাঁও আবাসিক এলাকা, নাসিরাবাদসহ বিভিন্ন এলাকার ডাস্টবিন ও কনটেইনারে দিনভর পড়ে থাকে ময়লা-আবর্জনা। এর মধ্যে রিয়াজউদ্দিন বাজারের পাশেই রয়েছে সিটি করপোরেশনের পরিচালনাধীন দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, জামালখান এলাকায় রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।
কোনো কোনো এলাকায় বর্জ্য ছড়িয়ে গেছে রাস্তাজুড়ে। বর্জ্যের কারণে ৩০ ফুট প্রশস্ত রাস্তা দিয়ে কেবল একটি রিকশা বা অটোরিকশাই চলাচল করতে পারে। অনেক এলাকায় নালার পানি উপচে এসে পড়ছে রাস্তায়।
রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘করপোরেশনের মূল কাজই হচ্ছে ময়লা-আবর্জনা পরিষ্কার। কিন্তু সেটিও ঠিকভাবে করতে পারছে না সংস্থাটি। ফলে অস্বাস্থ্যকর পরিবেশ ও উৎকট গন্ধ নিয়ে প্রতিদিন ব্যবসা করতে হচ্ছে আমাদের।’
করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, নগরের পরিচ্ছন্ন কার্যক্রমের জন্য চার হাজার শ্রমিক প্রয়োজন হলেও আছে মাত্র এক হাজার ৯৪৭ জন। ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য শতাধিক যান থাকলেও প্রতিদিন পাওয়া যায় ৬০-৬৫টি।
প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আরও বলেন, ‘এ জন্য নগরবাসীরও দায় কম না। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০টার মধ্যে ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলার জন্য প্রচারণা চালানো হয়েছে। কিন্তু নগরবাসী এতে সাড়া দেয়নি। ফলে এ কার্যক্রম সফল করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’