একাধিক কোম্পানির একটি টাওয়ার ইন্টারনেট ব্যয় কমাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একটি টাওয়ার একাধিক মোবাইল কোম্পানি ব্যবহার করলে তাদের অবকাঠামোগত খরচ কমে আসবে, যা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যয় কমাবে। 

টাওয়ারের জন্য বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানিগুলোর চাহিদার কথা উল্লেখ করে তথ্য মন্ত্রী বলেন, টাওয়ার ভাগাভাগি করলে দেশের মোবাইল ফোন কোম্পানিগুলো কম খরচে নেটওয়ার্কিং ব্যবস্থায় আরও উন্নতি ঘটাতে পারবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক অবকাঠামো সম্মেলনের সমাপনী পর্বে মালয়েশিয়ার ইডটকো গ্রুপের অন্তর্ভুক্ত ইডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং কনফিডেন্স স্টিল লিমিটেড অব বাংলাদেশের মধ্যে মোবাইল টাওয়ার স্থাপনা বিষয়ে চুক্তি সই হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে ইডটকো গ্রুপের সিইও থিরাঙ্কা রঙ্গালা ও কনফিডেন্স গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের সিইও সালমান করিম চুক্তিতে সই করেন। ইডটকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড্যারিয়েল সিনাপ্পা ও টেলিকমিউনিকেশন সেক্টরের বিভিন্ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।