চট্টগ্রাম নগরের যানজট নিরসনের লক্ষ্যে সিটি করপোরেশন, পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নগরে একাধিক টার্মিনাল নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত হন। গতকাল রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সভাপতিত্ব করেন।
সভায় চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, নগরে সিএনজিচালিত ১৩ হাজার অটোরিকশা চলার কথা থাকলেও চলছে ১২ হাজার। এর মধ্যে ৩ হাজার অটোরিকশার আয়ুষ্কাল আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে ৪ হাজার নতুন অটোরিকশা রাস্তায় নামার প্রক্রিয়া এখন থেকে শুরু করা দরকার।
এ বিষয়ে বিআরটিএর উপপরিচালক মো. শহীদ উল্লাহ বলেন, ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধনহীন ৪ হাজার অটোরিকশা চট্টগ্রামের রাস্তায় নেমেছে। এখন এসব গাড়ির নিবন্ধন দেওয়া হলে আইনি জটিলতা দেখা দেবে। নিবন্ধনহীন ৪ হাজার গাড়ি মফস্বলে চালানোর জন্য নিবন্ধন নিতে পারে, নগরে নয়।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরের প্রবেশপথগুলোতে টার্মিনাল নির্মাণ করা দরকার। করপোরেশন এ বিষয়ে কাজ করছে। এ ছাড়া নগরে বন্দরের জায়গায় ট্যাংকলরির টার্মিনালের জন্য নৌমন্ত্রী জায়গা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে পরিবহনশ্রমিক নেতারা চট্টগ্রামে টার্মিনালের অভাব, নিবন্ধনহীন সিএনজি অটোরিকশা চলতে না দেওয়া, চার চাকার পিকআপ দিয়ে অবৈধভাবে যাত্রী পরিবহন, পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণ, চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
সভায় পরিবহনসংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা পরিচালক লে. কর্নেল মো. আবদুল গাফফার, বিআরটিএর উপপরিচালক মো. শহীদ উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ মুছা ও সাধারণ সম্পাদক অলি আহম্মদ, চট্টগ্রাম বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সামশুল আলম প্রমুখ।
সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরে স্বাধীনতার পর পরিকল্পিতভাবে টার্মিনাল নির্মাণ করা হয়নি। টার্মিনালের জন্য জমি খোঁজার মধ্যেই সব কাজ সীমাবদ্ধ থাকে। অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা, সিটি গেট, কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় টার্মিনাল করা দরকার। এ ছাড়া খাতুনগঞ্জের পৃথক ট্রাক টার্মিনাল নির্মাণ করার দাবি জানান তিনি।