কুমিল্লা উত্তর জেলার সাতটি উপজেলা নিয়ে পাঁচটি সংসদীয় আসন। নবম জাতীয় সংসদ নির্বাচনে এখানকার তিনটি আসনে আওয়ামী লীগ এবং দুটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হন। এবার আওয়ামী লীগ, বিএনপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) বড় নেতারা মনোনয়ন পেতে আগ্রহী। তবে বেশির ভাগ আসনে বিএনপির একক প্রার্থী রয়েছেন। সে হিসেবে কিছুটা বেকায়দায় আওয়ামী লীগ। প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা): এ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া এবারও প্রার্থী হতে পারেন। তবে তাঁর কার্যক্রমে হতাশ দলের নেতা-কর্মীরা। বালুমহাল দখল, হাটবাজার ইজারা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল নিয়ে তিনি কিছুটা ভাবমূর্তির সংকটে আছেন। দল থেকে মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন ২০০১ সালে পরাজিত প্রার্থী হাসান জামিল সাত্তার ও মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল আলম।
অন্যদিকে ১৯৯১ সাল থেকে এ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি কেবল সর্বশেষ নির্বাচনে পরাজিত হন। মনোনয়ন প্রতিযোগিতায় তাঁর তেমন কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান সাংসদ এম কে আনোয়ার ১৯৯১ সাল থেকে এই আসনের সাংসদ। ৮২ বছর বয়সী এই নেতা এখানে দলটির একক প্রার্থী। তিনি পাঁচটি নির্বাচনে অংশ নিয়ে সব কটিতে জয়ী হন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দলের হোমনা উপজেলার সভাপতি আবদুল মজিদ ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। পারভেজ বলেন, ‘বিএনপি থেকে আসনটি আওয়ামী লীগের দখলে নিতে আমি প্রার্থী হতে চাই। এ লক্ষ্যে কাজও করছি।’
এম কে আনোয়ার গত মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন হলে নির্বাচন করব। নির্বাচন করার জন্য দলীয় নেতা-কর্মীদের নিয়ে আমি সব সময় প্রস্তুত রয়েছি।’
কুমিল্লা-৩ (মুরাদনগর): এ আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বর্তমান সাংসদ। ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলার আসামি হওয়ায় দুই বছরের বেশি সময় তিনি দেশের বাইরে আছেন। তিনি দেশে না ফিরলে মুরাদনগরে বিএনপির একটি অংশ দলের স্থায়ী কমিটির সদস্য এবং ওই আসন থেকে ১৯৯১ সালে নির্বাচিত রফিকুল ইসলাম মিয়াকে প্রার্থী করার পক্ষে। গত ২৫ ও ২৬ আগস্ট তিনি মুরাদনগরে গণসংযোগ করেন। তবে রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মুরাদনগর থেকে নয়, আমি ঢাকা-১৬ (পল্লবী) থেকে নির্বাচন করতে আগ্রহী। বর্তমান সাংসদ দেশে না ফিরলে দল সিদ্ধান্ত নেবে, কাকে প্রার্থী করা যায়।’
এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন। এর মধ্যে জাহাঙ্গীর আলম চারবার নির্বাচন করে পরাজিত হন। ইউসুফ আবদুল্লাহ দুবার পরাজিত হন। জাহাঙ্গীর বলেন, ‘দল ত্যাগী নেতাদের মনোনয়ন দেবে বলে আশা করি।’
কুমিল্লা-৪ (দেবীদ্বার): আওয়ামী লীগের বর্তমান সাংসদ এ বি এম গোলাম মোস্তফা এবারও এই আসনে নির্বাচন করতে চান। তবে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ফখরুল ইসলাম মুন্সীর ছেলে দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল। এ ছাড়া দলের উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন মাহমুদও গণসংযোগ করছেন। হুমায়ুন বলেন, ‘আমি মাঠে সব সময় সক্রিয় এবং অনেক উন্নয়নকাজ করেছি। তাই দল থেকে এবার মনোনয়ন চাইব।’
এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি না হলে তাঁর স্ত্রী মাজেদা আহসান ও ছেলে রেজভিউল আহসান মুন্সীর কোনো একজন মনোনয়ন পেতে পারেন। গত নির্বাচনে মামলার কারণে মঞ্জুরুল আহসান প্রার্থী হতে পারেননি। তাঁর স্ত্রী মাজেদা আহসান নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হন।
কুমিল্লা-৭ (চান্দিনা): এ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ মো. আলী আশরাফ এবারও নির্বাচন করতে পারেন। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত ও চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল আহসান মজুমদারের নামও শোনা যাচ্ছে।
এ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পক্ষে প্রচারণা চালাচ্ছেন দলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেদোয়ান আহমেদ। জোটগতভাবে নির্বাচন হলে এ আসনে ১৮-দলীয় জোটের পক্ষে রেদোয়ানের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি। সে ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতারা তাঁর পক্ষে কাজ করবেন কি না, তা নিয়ে সংশয় আছে।
রেদোয়ান প্রথম আলোকে বলেন, ‘জোটগতভাবেই নির্বাচন হবে। সে ক্ষেত্রে আমি জোটের মনোনয়ন প্রত্যাশা করছি।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘চান্দিনায় এলডিপির মহাসচিব রেদোয়ানকে ১৮-দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হবে কি না জানি না।’