একাধিক প্রার্থী ডুবিয়েছে আওয়ামী লীগকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগের আট জেলার মধ্যে পাঁচ জেলার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-জামায়াত ভালো করেছে। আওয়ামী লীগের অবস্থান ভালো নয়। ভরাডুবি হয়েছে জাতীয় পার্টির। নির্বাচনের প্রথম দফায় ১৪ উপজেলার মধ্যে বিএনপি-জামায়াত আটটি, আওয়ামী লীগ পাঁচটি ও জাতীয় পার্টি একটি উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন ভোটাররা।
রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবার জামায়াতের উপজেলা আমির গোলাম রব্বানীর কাছে হেরে গেছেন। জামায়াতের এই নেতার বিরুদ্ধে সম্প্রতি সহিংস ঘটনায় তিনটি মামলাও রয়েছে। গ্রেপ্তার আতঙ্কে তিনি নির্বাচনের মাঠেও ছিলেন না। এখানে আওয়ামী লীগের স্বতন্ত্র একজন মহিলা প্রার্থী থাকায় দল সমর্থিত প্রার্থী পরাজয় বরণ করেন।
কুড়িগ্রামের তিনটি উপজেলার মধ্যে একটি বাদে দুটি উপজেলা উলিপুর ও ফুলবাড়িতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় একটিতে বিএনপি ও অন্যটিতে জামায়াতের প্রার্থী জয়লাভ করেছেন।
একই চিত্র পঞ্চগড়ের বোদা ও আটওয়ারীতে। এই দুটি উপজেলার একটিতে জামায়াত ও অন্যটিতে বিএনপি জিতেছে।
দিনাজপুরের দুই উপজেলা কাহারোল ও খানসামা আওয়ামী লীগ জিততে পারেনি। দুটিতেই বিএনপির প্রার্থী জিতেছে। এখানেও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিল।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদটি এবার আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গেল। এখানে বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন। এ উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী থাকার পরও পরাজয়ের কারণ হিসেবে বিগত সময়ে এ উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ক্ষমতার দাপটে লোকজন অতিষ্ঠ ছিল বলে অভিযোগ রয়েছে। ভোটাররা ক্ষোভে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট না দিয়ে ক্ষমতার পালা পরিবর্তন করেছেন।
নীলফামারীর জলঢাকায় জামায়াতের শক্ত ঘাঁটি হওয়ার কারণে এবারও সেখানে জামায়াত প্রার্থী জয়লাভ করে বলে সাধারণ ভোটাররা জানান।
এদিকে রংপুর অঞ্চল জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত হলেও প্রথম দফায় এ অঞ্চলে ভরাডুবি হয়েছে জাপা প্রার্থীদের। ১৪ উপজেলার নির্বাচনে একমাত্র গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাপার প্রার্থী জিতেছেন। জাতীয় পার্টির ভরাডুবির অন্যতম কারণ হলো দলের তেমন কোনো কার্যক্রম নেই। সেই সঙ্গে ‘এরশাদীয় আবেগ’ দিয়ে দলের কার্যক্রম বেশি দূর এগোতে পারে না বলে মনে করেন রংপুর জেলা জাপার প্রবীণ রাজনীতিক সৈয়দ নূর আহমেদ।
রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এটি কোনো দলীয় নির্বাচন নয়। ব্যক্তির প্রভাব ও প্রচারণার ওপর জয়-পরাজয় হয়েছে। তবে বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকাটা পরাজয়ের বড় কারণ বলে মনে করেন তিনি।