চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা বিএনপির দুটি পক্ষ দুজনকে সমর্থন দিয়েছে। অপরজন নিজের সিদ্ধান্তে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদেও ওই দুই পক্ষের সমর্থন নিয়ে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব পদে একাধিক প্রার্থী থাকায় নেতা-কর্মীরা পড়েছেন বিভ্রান্তিতে। একক প্রার্থী দেওয়ায় আওয়ামী লীগ ও জামায়াত-সমর্থিত প্রার্থীরা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। এ দুই দলের প্রার্থীরা বিএনপির কোন্দল কাজে লাগিয়ে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। বিএনপি-সমর্থক ভোটারদের আকৃষ্ট করার জন্য দল দুটির নেতা-কর্মীরা নানা তৎপরতা চালাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। অপর পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস।
বিএনপি থেকে অহিদুল ইসলাম বিশ্বাস-সমর্থিত জেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান, শামসুজ্জামান-সমর্থিত উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহ এবং ছাত্রদলের সাবেক নেতা (রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নির্বাহী কমিটির সাবেক সদস্য) এজাজুল হক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আওয়ামী লীগ-সমর্থিত এবং জামায়াতের জেলা সেক্রেটারি আজিজুর রহমান জামায়াত-সমর্থিত প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে শামসুজ্জামান পক্ষের হাবিবুর রহমান ও অহিদুল ইসলাম পক্ষের আবুল হাশেম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান বলেন, ‘একক প্রার্থী না হলে কোনো প্রার্থীর পক্ষেই ভোট করব না।’
উপজেলা যুবদল নেতা একরামুল হক জানান, জেলার নেতাদের কারণেই যত বিভ্রান্তি। একাধিক প্রার্থী হওয়ায় সমর্থক ভোটাররাও নেতাদের ওপর ক্ষুব্ধ।
এদিকে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে দুই পক্ষই নানাভাবে বিভ্রান্তি ছড়াতে থাকে। ৫ মার্চ অহিদুল ইসলামের বরাত দিয়ে স্থানীয় দৈনিকগুলোতে খবর প্রকাশিত হয় যে শামসুজ্জামান পক্ষের জেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী ফজলুর রহমানের সমর্থনে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। প্রকাশিত সংবাদে ভিন্নমত পোষণ করে ওই দিন চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে লিয়াকত আলী দাবি করেন, একক প্রার্থী দেওয়ার বিষয়ে সমঝোতার জন্য অহিদুল ইসলামের আমন্ত্রণে তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সে সময় তোলা ছবি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সংবাদ সমেঞ্চলনে উপস্থিত শামসুজ্জামান পক্ষের জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান দাবি করেন, তাঁরাই বিএনপির বৈধ কমিটি এবং লিয়াকত আলী দলের একমাত্র প্রার্থী।
তবে জেলা বিএনপির একাংশের সভাপতি অহিদুল ইসলাম বিশ্বাস দাবি করেন, তিনিই জেলা বিএনপির বৈধ কমিটির সভাপতি এবং ফজলুর রহমান দল-সমর্থিত প্রার্থী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।