জমিতে একটির পরিবর্তে একাধিক ফসল ফলানোর ধারণাও কৃষকদের দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাজনের হাত থেকে কৃষকদের বাঁচাতে চড়া সুদের পরিবর্তে তিনিই চালু করেছিলেন স্বল্পসুদের ঋণ। যে কারণে কুষ্টিয়া, শাহজাদপুর ও পতিসর থেকে তখন মহাজনি লগ্নিব্যবস্থা প্রায় উঠেই গিয়েছিল।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রচিত তব ভুবনে তব ভবনে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এসব কথা বলেন। রবীন্দ্রগবেষক আহমদ রফিক এতে সভাপতি ছিলেন।
প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থের আলোচক ছিলেন নাট্যব্যক্তিত্ব মমতাজউদদীন আহমদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল। এ ছাড়া বক্তব্য দেন গ্রন্থের লেখক আতিউর রহমান।
গ্রামীণ দারিদ্র্য নিরসন, কৃষির আধুনিকায়ন, মহাজনি লগ্নি থেকে কৃষককে বাঁচানো, কৃষি ব্যাংক স্থাপনসহ রবীন্দ্রনাথের উন্নয়ন ভাবনার বৈচিত্র্যপূর্ণ নানা দিক তুলে ধরা হয়েছে গ্রন্থে।
আহমদ রফিক বলেন, ‘রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক। অথচ এই প্রাসঙ্গিকতা নিয়ে আমরা প্রায়ই স্ববিরোধী আচরণ করি।’
মমতাজউদদীন আহমদ বলেন, রবীন্দ্রনাথ কৃষি ও কৃষকপ্রেমী ছিলেন। আর এদিকে ১০ টাকায় কৃষকদের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করেন আতিউর রহমান। রবীন্দ্রনাথকে ভালো না বাসলে আতিউর রহমান এমন উদ্যোগ নিতে পারতেন না, এ ধরনের বই-ও লিখতে পারতেন না।
সেলিনা হোসেন বলেন, রবীন্দ্রনাথ নিয়ে অনেক গবেষণা হয়েছে। কিন্তু তাঁর অর্থনীতি ও উন্নয়ন ভাবনা নিয়ে পশ্চিম বাংলার চেয়ে বাংলাদেশেই বেশি কাজ হয়েছে। আতিউর রহমানের এই গ্রন্থ তারই অন্যতম স্বাক্ষর। বিরূপাক্ষ পাল বলেন, রাজনীতিবিদদের চাপ, সাংবাদিকদের সমালোচনার পাশাপাশি ধনকুবেররাও আতিউর রহমানকে শান্তিতে থাকতে দেয় না। এত কিছুর পরও তিনি রবীন্দ্রনাথের উন্নয়ন দর্শন নিয়ে কাজ করেন, যা প্রশংসনীয় দিক।