একাধিক স্থানে মনোনয়নপত্র নেওয়ার ভাবনা ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর ছাড়াও একাধিক স্থানে মনোনয়নপত্র জমা নেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরকে বিকল্প স্থান হিসেবে ভাবা হচ্ছে।
ইউপি নির্বাচনের প্রথম ধাপে বিভিন্ন স্থানে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা এবং এ বিষয়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এই প্রবণতারোধে একাধিক স্থানে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা যায় কি না, কমিশন সেই বিষয়টি বিবেচনায় নিয়েছে। কেউ যেন কোনো অভিযোগের সুযোগ না পায়, সে জন্য কমিশন এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
অভিযোগ আছে, ২২ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সারা দেশের বিভিন্ন জায়গায় অনেক প্রার্থী ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। বিএনপি গত রোববার কমিশনে অভিযোগ করে বলেছে, ১১৪টি স্থানে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানে বাধা দেওয়া হয়েছে।
বিএনপির অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয়নি। ঢালাও অভিযোগ করেছে, যা তদন্ত করা কষ্টকর। তা সত্ত্বেও কমিশন কয়েকটি অভিযোগ তদন্ত করছে। তিনি বলেন, ইউপি নির্বাচন একটি বিরাট নির্বাচন। সবার সহযোগিতা নিয়ে নির্বাচন করতে হবে। প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী সমান সুযোগ পাবেন। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।