একাধিক স্থানে মনোনয়নপত্র জমার সুযোগ রাখবে ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) একাধিক স্থানে মনোনয়নপত্র গ্রহণের সুযোগ রাখবে নির্বাচন কমিশন। বিভিন্ন স্থানে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা এবং এ বিষয়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। 

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আজ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
কমিশনের এই সিদ্ধান্ত বাস্তব রূপ পেলে রিটার্নিং কর্মকর্তার দপ্তর ছাড়াও জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
মো. শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই না নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ আসুক। কিন্তু কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এই প্রবণতা রোধে একাধিক স্থানে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা যায় কি না, কমিশন সেই বিষয়টি বিবেচনায় নিয়েছে। কেউ যেন কোনো অভিযোগের সুযোগ না পায়, সে জন্য কমিশন এ ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।’
অভিযোগ আছে, ২২ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সারা দেশের বিভিন্ন জায়গায় অনেক প্রার্থী ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। বিএনপি এ বিষয়ে কমিশনে অভিযোগ করে বলেছে, অন্তত ১১৪টি স্থানে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানে বাধা দেওয়া হয়েছে।
বিএনপির অভিযোগ সম্পর্কে শাহনেওয়াজ বলেন, তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেয়নি। ঢালাও অভিযোগ করেছে, যা তদন্ত করা কষ্টকর। তা সত্ত্বেও কমিশন কয়েকটি অভিযোগ তদন্ত করছে।
কমিশনার বলেন, ইউপি নির্বাচন একটি বিরাট নির্বাচন। সবার সহযোগিতা নিয়ে নির্বাচন করতে হবে। প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী সমান সুযোগ পাবেন। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।