একানব্বইয়ের অভিজ্ঞতায় সতর্ক উপকূলবাসী
সত্তরোর্ধ্ব জাফর আহমদের বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায়। ১৯৯১ সালে কিছু হবে না ভেবে তাঁরা আগেভাগে নিরাপদ স্থানে যাননি। কিন্তু রাতে ঘূর্ণিঝড় যখন আঘাত হানে, তখন প্রাণ বাঁচাতে সবাই ছুটতে থাকেন দিগিবদিক। জাফর আহমদ গতকাল বুধবার দুপুরে শহর রক্ষা বাঁধের ওপর দাঁড়িয়ে সেই স্মৃতিচারণা করে বলেন, ‘সেবার প্রাণে রক্ষা পেয়েছিলাম। এবারও সাগর এবং আকাশের অবস্থা সেই সময়ের মতো লাগছে। আমরা মালপত্র গুছিয়ে রেখেছি। সন্ধ্যার দিকে চলে যাব।’ মহাসেনের কারণে আতঙ্কিত উপকূলীয় এলাকার মানুষ। জাফর আহমদের মতো অনেকে মূল্যবান মালপত্র গুছিয়ে রেখেছেন নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। ১৯৯১ সালের ২৯ এপ্রিল তাঁদের এই শিক্ষা দিয়েছে। ওই অভিজ্ঞতা থেকে তাঁরা সতর্ক। তবে শেষ মুহূর্ত না দেখা পর্যন্ত বাড়ি ছাড়তে অনীহা অনেকের।
গতকাল উপকূলের লোকজনের সঙ্গে কথা বলে এবং সরেজমিন এই চিত্র দেখা গেছে। গতকাল সন্ধ্যা থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। এর আগে সকাল থেকে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থা স্থানীয় লোকজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাইকিং শুরু করে। দুই দিন ধরে মানুষকে সতর্ক করা হচ্ছে। হালিশহর উপকূল এলাকার বাসিন্দা শাহ জামাল বলেন, ‘একানব্বই সালে আমাদের এ রকম সাবধান করা হয়নি। এখন আমরা মালপত্র গুছিয়ে রেখেছি। কিন্তু আশ্রয়কেন্দ্র দূরে। হয়তো রাতে আশপাশের কোনো প্রতিবেশীর ভবনে চলে যাব।’
সরেজমিন দেখা যায়, পতেঙ্গা এলাকার দোকানমালিকেরা তাঁদের মালপত্র বেঁধে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। কোনো কোনো দোকানি চেয়ার-টেবিল পর্যন্ত নিয়ে যাচ্ছেন। ইমরান নামের এক দোকানি জানান, একানব্বই সালে তাঁদের তিনটি দোকানের মালপত্র ও কাঠামো নিশ্চিহ্ন হয়ে যায়। তাই এবার সব মালপত্র নিয়ে যাচ্ছেন।
কাট্টলী উপকূলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও গতকাল দুপুর পর্যন্ত অনেকে নিরাপদ স্থানে যাননি। উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকার মো. হারুন বলেন, ‘সংকেত বাড়লে চলে যাব। তবে বাড়িঘর ফেলে যেতে মন চায় না। শেষ মুহূর্তে চলে যাব।’
গতকাল দুপুরে সিদ্ধান্ত হয় উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার। বিপৎসংকেত ৭ দেওয়ার পর দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে সমন্বিত সভায় সিদ্ধান্ত হয় উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়ার। এই সিদ্ধান্তের পর সন্ধ্যা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায়।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের জানান, ‘বিপৎসংকেত আটের জন্য অপেক্ষা না করে এখনই তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যা থেকে সেটা শুরু হয়েছে