একান্ত আলোচনায় হাসিনা-মোদি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একান্ত আলোচনায় বসেছেন। আজ শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এই বৈঠকে বসেন দুই নেতা।
তাঁদের আলোচনা শেষে সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় হবে। পরে দুই প্রধানমন্ত্রী দুই দেশের আনুষ্ঠানিক বৈঠক করবেন।
আনুষ্ঠানিক আলোচনার পর বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি, সমঝোতা স্মারক, প্রটোকল ও সম্মতিপত্র সই হবে। দুই প্রধানমন্ত্রীর বক্তৃতার পর শেষ হবে আনুষ্ঠানিক বৈঠকের অনুষ্ঠান। রাতে হোটেল সোনারগাঁওয়ে তাঁর সম্মানে শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দেবেন নরেন্দ্র মোদি।
দুই দিনের সফরে মোদি প্রথমবারের মতো আজ সকালে বাংলাদেশে আসেন। তাঁকে বহন করা ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট ‘রাজদূত’ সকাল ১০টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানের সামনে দুই পাশে পতপত করে উড়ছিল বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা।
১০টা ২৫ মিনিটের দিকে বিমান থেকে বেরিয়ে আসেন মোদি। তিনি হাত নাড়েন, নমস্কার জানান। বিমানের সিঁড়ি থেকে নেমে লাল গালিচায় পা রাখেন মোদি। তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে মোদিকে বরণ করা হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অব অনার।

বিমানবন্দরে এসব আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই টুইটারে দুটি বিষয়ে বাংলা ও ইংরেজিতে চারটি টুইট করেন মোদি। প্রথমে বাংলায় করা এক টুইটে মোদি লিখেছেন, ‘বাংলাদেশ, আমি আমার সাথে ভারতের মানুষের ভালবাসা এবং শুভেচ্ছা নিয়ে আসছি।’ একই বিষয়ে পরক্ষণেই ইংরেজিতে পৃথক একটি টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। মাত্র এক মিনিটের ব্যবধানে বাংলায় দ্বিতীয় টুইটটি করেন মোদি। এই টুইটে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।’ প্রথমটির মতো দ্বিতীয়টির ক্ষেত্রেও পৃথকভাবে ইংরেজিতে টুইট করেন মোদি। এর আগে সকালে ঢাকায় রওনা দেওয়ার প্রাক্কালে টুইটারে আরেকটি টুইট করেন মোদি। সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশে যাচ্ছি। এই সফর দুই জাতির বন্ধন সুদৃঢ় করবে, আমাদের দুই দেশ ও অঞ্চলের জনগণের জন্য সুফল বয়ে আনবে।’
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান মোদি। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল সোয়া তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হোটেল সোনারগাঁওয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। গতকাল শুক্রবারই বাংলাদেশে এসেছেন মমতা।
এরপর বিকেলে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যান। সেখানে তিনি শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিস ও কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিসের উদ্বোধন করেন। এরপরই তাঁরা একান্ত আলোচনায় বসেন।