বরিশালের নগর ভবন থেকে গত সোমবার গভীর রাতে একান্ত সচিব মো. আলিমউল্লাহ কাগজপত্র সরিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। নগর ভবনের নৈশপ্রহরী আ. মালেক ফকির গতকাল মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের জানান, সোমবার রাতে তিনি ছাড়াও ফারুক হোসেন ও রফিকুল ইসলাম নামের দুজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। সাড়ে ১২টার দিকে আলিমউল্লাহ নগর ভবনের প্রধান ফটকের সামনে এসে তা খুলে দিতে বলেন। নৈশপ্রহরীরা প্রথমে তাঁকে ভালোমতো চিনতে না পেরে ফটক খুলে দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাঁর সঙ্গে নৈশপ্রহরীদের বাগিবতণ্ডা হয়। পরে ফটক খুলে দিলে আলিমউল্লাহ নগর ভবনের দোতলায় তাঁর কক্ষে যান। এর প্রায় আধা ঘণ্টা পর তিনি কাগজপত্রের একটি ফাইল হাতে বেরিয়ে যান। সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হোসেন প্রথম আলোকে জানান, একান্ত সচিব বেরিয়ে যাওয়ার পর ফাইল নেওয়ার বিষয়টি নৈশপ্রহরীরা মুঠোফোনে তাঁকে জানান।কাগজপত্র সরানোর অভিযোগ অস্বীকার করে একান্ত সচিব বলেন, ‘আগামীকাল (আজ বুধবার) মানিকগঞ্জে আমার একটি কর্মশালা আছে। ওই কর্মশালার একটি চিঠি আমার ড্রয়ারে ছিল। আমি ওই চিঠি আনতেই সেখানে গিয়েছিলাম।’