একালের এক মজিদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য শাস্তির ভয়ে দেশ স্বাধীন হওয়ার পর পাগলের বেশ ধারণ করেছিলেন নাজিম উদ্দিন। নেংটি পরে মাথায় লাল ফিতা বেঁধে মহিষের শিং কাঁধে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। তাঁর মৃত্যুর কয়েক বছর পর ঈশ্বরদী রেলস্টেশনের সহকারী এনামুল হক এসে ঘোষণা দেন, নাজিম উদ্দিন কামেল ফকির ছিলেন। তিনি নাজিম উদ্দিনের শিষ্য। সেই থেকে মহাধুমধামে শুরু হলো তাঁর ওরস।নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের চক হাঁসবাড়িয়া গ্রামে প্রতিবছরের ৮ এপ্রিল (২৫ চৈত্র) এই ওরসের আয়োজন করা হয়। বাসভর্তি করে ঈশ্বরদী থেকে লোকজন নিয়ে এসে এ অনুষ্ঠানের আয়োজন করেন এনামুল। স্থানীয় মানুষজনের কেউ কেউ এনামুলের এ কাজকে সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসের মজিদের চরিত্রের সঙ্গে তুলনা করেন।স্থানীয় লোকজন জানায়, ১৯৮৭ সালে নাজিম উদ্দিন মারা যান। এর পর কয়েকজন ফকির এসে নাজিম উদ্দিনের কবরটি বাঁশ দিয়ে ঘিরে দেন। তাঁরা তাঁর মৃত্যুবার্ষিকীতে গানবাজনা ও গাঁজা সেবনের আসর করতেন। এই উদ্যোক্তাদের একজন হচ্ছেন লালপুরের ঘাটমুরদহ গ্রামের আকবর আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘নাজিম উদ্দিন পীর-আউলিয়া কিছুই ছিলেন না। সিদ্ধি খেয়ে বেড়াতেন। ওটা তো মাজার নয়।’ আকবর বলেন, নাজিমের মৃত্যুর পর তাঁরা কয়েকজন জায়গাটা তাঁদের মজমা করার জন্য পছন্দ করেছিলেন। এ জন্য নাজিমের ছেলেকে একটু জমি ওয়াক্ফ করে দেওয়ার জন্য বোঝান। তাতে বিভিন্ন এলাকার ফকির-সাধুরা এসে বসলে তাঁর বাবার জন্যও তাঁরা দোয়া করবেন। এ কথা শুনে নাজিমের ছেলেরা জায়গাটিকে মাজার হিসেবে উল্লেখ করে আট কাঠা জমি ওয়াক্ফ করে দেন।আকবর আলী বলেন, তাঁরা কয়েক বছর নাজিমের মৃত্যুবার্ষিকীতে ওরস করেছিলেন। এরই মধ্যে একজন ঠিকাদার ওই এলাকার একটি কালভার্ট করতে এলে তাঁকে ধরে কবরটি পাকা করে নেওয়া হয়। এরপর ঈশ্বরদী থেকে এনামুল হক এসে দাবি করলেন, নাজিম উদ্দিন কামেল লোক ছিলেন। তাঁকে তিনি (নাজিম উদ্দিন) উত্তরসূরি নির্বাচন করে গেছেন। তাঁর কবরকে মাজার শরিফ ঘোষণা দিয়ে স্থানীয় প্রভাবশালী লোকদের সভাপতি-সাধারণ সম্পাদক করে ওরস করতে শুরু করেন। এরপর তাঁরা (আকবর আলী) আর ওখানে যান না। ৮ এপ্রিল রাতে চক হাঁসবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, চারদিকে লাল সালু দিয়ে ঘেরা নাজিম উদ্দিনের কবরটি রঙিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দরজায় দাঁড়িয়ে একজন লোক আতর-লোবান নিচ্ছেন। পাশের মঞ্চে ওয়াজ করছেন বিভিন্ন বক্তা। এতে সভাপতিত্ব করছেন লালপুরের সালামপুর গ্রামের শাহ আনছার আলী নামে একজন। তাঁকে মঞ্চ থেকে ডেকে নাজিম উদ্দিন সম্পর্কে জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করেন, ‘নাজিম উদ্দিন কোনো পীর বা পীরের মুরিদও ছিলেন না। তাঁকে (আনছার আলী) এখানে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়েছে, তাই তিনি এসেছেন।’ মঞ্চের পাশে আমবাগানের ভেতর গিয়ে দেখা যায়, দলে দলে লোক বসে গাঁজা সেবন করছেন।কবরের দক্ষিণ পাশে একটি বিশেষ আসনে বসে আছেন এনামুল হক। তাঁর হাতে টাকা, আগরবাতি ও গোলাপজল নজরানা হিসেবে জমা দিচ্ছেন ভক্তরা। এনামুল হক এই প্রতিবেদককে নাজিম উদ্দিনের বেশ কিছু অলৌকিক ক্ষমতার গল্প শোনান। তিনি বলেন, বর্তমানে তাঁর হাজারখানেক মুরিদ রয়েছেন। এ সময় সেখানে এসে বসেন আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী। তিনি বলেন, ‘নাজিম যে কোনো কামেল লোক, তা তাঁরা জানতেন না। ঈশ্বরদী থেকে এই ভদ্রলোক এসে তাঁকে পীর বলে প্রচার করেন।’পার্শ্ববর্তী ধর্বুলা গ্রামের ৭০ বছর বয়সী মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নাজিম উদ্দিন ১৯৭১ সালে রাজাকার ছিলেন। দেশ স্বাধীন হলে মুক্তিযোদ্ধারা তাঁকে মেরে ফেলতে পারে, এই ভয়ে পাগলের বেশ ধরে এলাকা ছেড়ে পালিয়ে যান। আমরা তাঁকে ভালো করে জানি। আমরা কোনো দিন ওখানে যাব না।’ বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান নওশের আলী বলেন, তিনি অন্য এলাকায় যুদ্ধ করেছেন। তবে শুনেছেন, নাজিম উদ্দিন রাজাকার ছিলেন। মাজার কমিটির সভাপতি আমজাদ হোসেনও স্বীকার করেন, নাজিম উদ্দিন পীর-দরবেশ ছিলেন না। এনামুল হক এসে তাঁকে পীর বলে প্রচার করেছেন। লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রউফ সরকার প্রথম আলোকে বলেন, নাজিম উদ্দিন একজন রাজাকার ছিলেন। এখন রাজাকারের যে তালিকা তৈরি হচ্ছে, তাতে তাঁর নাম রয়েছে। জাতীয় ইমাম সমিতির বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন সভাপতি ও দীঘা কেন্দ্রীয় মসজিদের ইমাম মজিবুর রহমান বলেন, নাজিম উদ্দিনের মৃত্যুর পর ঈশ্বরদী থেকে এক লোক এসে তাঁকে বুজুর্গ ব্যক্তি ঘোষণা দিয়ে ওরস শুরু করেছেন। তাঁর এই কর্মকাণ্ড অবশ্যই প্রশ্নবিদ্ধ।