একিউআইএস বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন: মার্কিন পররাষ্ট্র দপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখাকে (একিউআইএস) বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ ছাড়া একিউআইএসের প্রধান আসিম ওমরকেও ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। তাতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই শ্রেণি ভুক্তির ফলে একিউআইএসের (আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট) এবং আসিম ওমরের সঙ্গে কোনো ধরনের লেনদেনের সঙ্গে যুক্ত মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রে সম্পত্তি বাজেয়াপ্ত এবং যুক্তরাষ্ট্রে কিংবা মার্কিন নাগরিকদের কাছে ওই ব্যক্তিদের স্বার্থ স্থগিত করা হবে। পাশাপাশি একিউআইএস বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্তির ফলে তাদের কোনো রকম বস্তুগত কিংবা অর্থ-জনবলসহ যেকোনো ধরনের সহায়তা কিংবা সহায়তার চেষ্টা কিংবা এসবের ষড়যন্ত্র নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

২০১৪ সালের সেপ্টেম্বরে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি এক ভিডিও বার্তার মধ্য দিয়ে একিউআইএস প্রতিষ্ঠার ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসী তালিকায় থাকা হরকাত-উল-মুজাহিদিনের সাবেক সদস্য আসিম ওমর একিউআইএসের নেতৃত্ব দেন। ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তানের করাচি ডকইয়ার্ডে জঙ্গি হামলার দায়িত্ব স্বীকার করে একিউআইএস। ওই হামলায় জঙ্গিরা পাকিস্তান নৌবাহিনীর একটি ফ্রিগেট ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা জুলহাজ মান্নান, মার্কিন নাগরিক ও লেখক অভিজিৎ রায়, ব্লগার ওয়াশিকুর রহমান, আহমেদ রাজীব হায়দার, এ কে এম শফিকুল ইসলামসহ বাংলাদেশের বিভিন্ন কর্মী ও লেখকদের হত্যার দায় স্বীকার করেছে একিউআইএস।

প্রসঙ্গত, একিআইএসের কথিত বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম গত দুই বছরে বাংলাদেশে ১১টি হামলা ও হত্যার দায় স্বীকার করেছে। যদিও বাংলাদেশ সরকার এই দাবি নাকচ করে দিয়ে বলে আসছে যে, এ দেশে একিআইএসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই।