একীভূত হলো ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়
ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়কে একীভূত করে একটি মন্ত্রণালয় করা হয়েছে। এই মন্ত্রণালয়ের নাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তবে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ নামে দুটি বিভাগ থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে। এর মাধ্যমে আলাদা হওয়ার দুই বছরের মাথায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় আবার আরেকটি মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হলো।
এই পরিবর্তনের কারণ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রথম আলোকে বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) কাজ টেলিযোগাযোগের ওপর নির্ভরশীল। টেলিযোগাযোগের পিঠে চড়েই আইসিটি এগিয়ে যায়। তাই এটি করা হয়েছে। এর মাধ্যমে মন্ত্রণালয়ের গতি আরও বাড়বে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, বর্তমান মন্ত্রিসভা গঠনের সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই মন্ত্রণালয়কে একীভূত করার নির্দেশ দিয়েছিলেন। বিষয়টি মাথায় রেখেই আব্দুল লতিফ সিদ্দিকীকে ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষ করে এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো।
২০০২ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় নামকরণ করা হয়। ২০১১ সালের ৪ ডিসেম্বর বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়কে ভাগ করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় করা হয়। তখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব পান সৈয়দ আবুল হোসেন। তিনি পদত্যাগ করলে মন্ত্রণালয়টির দায়িত্ব পান মোস্তফা ফারুক মোহাম্মদ। বর্তমানে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।