একুশ প্রকাশনার কাছে 'কৈফিয়ত' চায় বাংলা একাডেমি
২১ প্রকাশনা সংস্থার কাছে ‘কৈফিয়ত’ চেয়ে চিঠি দিয়েছে অমর একুশে বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। মেলার নীতিমালা ভঙ্গ করে স্টলের নির্ধারিত স্থান পরিবর্তনের অভিযোগে প্রকাশনা সংস্থাগুলোর কাছে ’কৈফিয়ত’ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে চিঠিগুলো প্রকাশনা সংস্থাগুলো পেয়েছে বলে জানিয়েছে একাডেমি। আর অভিযোগের সত্যতা মিললে প্রকাশনা সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।
আজ সোমবার বইমেলা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, ‘মেলার নিয়মনীতি পরোয়া না করায় ২১টি প্রকাশনা সংস্থার কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এদের বেশির ভাগই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের পেছনের অংশে ছিল। তারা আমাদের কাছে স্টলের মুখ পরিবর্তনের নাম করে স্থান পরিবর্তন করেছে। এদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। প্রয়োজনে তাদের “কালো তালিকাভুক্ত” করা হবে।’ তবে একাডেমির মহাপরিচালক প্রকাশনা সংস্থাগুলোর নাম প্রকাশ করেননি।
চিঠি পেয়েছেন এমন কয়েকজন প্রকাশক দাবি করেন, তাঁদের স্টল অনেক পেছনে ছিল। সেখানে পাঠকেরা আসতই না। সামনের দিকে স্থান ফাঁকা থাকায় তাঁরা সেখানে স্টল বসিয়েছেন।
শামসুজ্জামান খান বলেন, স্থান পরিবর্তন করা প্রকাশকেরা এখন অভিযোগ করছেন, তাদের ওখানে পাঠকেরা আসছে না। এর কারণ হিসেবে বলছেন, রমনা কালী মন্দিরের গেট বন্ধ থাকা। নিরাপত্তার খাতিরে ওই গেটটি বন্ধ আছে। সুতরাং স্থান পরিবর্তন করে এখন তাঁরা তেমন একটা সুবিধা করতে পারছেন না বলেও জানান তিনি।
এর আগে এ গেটটি খুলে দেওয়ার জন্য গত রোববার একাডেমির মহাপরিচালকের কাছে অনুরোধ করেছিলেন প্রকাশকেরা, যাঁদের বেশির ভাগই নিজেদের স্টল পরিবর্তন করেছেন।
এদিকে খুব শিগগিরই নকল বইয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে মেলা পরিচালনা কমিটি। আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। তিনি বলেন, নকল বইয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জাতীয় গ্রন্থকেন্দ্র ও কপিরাইট অফিস। তাদের প্রধানেরা বর্তমানে কলকাতা বইমেলায় অবস্থান করছেন। তাঁরা ফিরলেই অভিযান পরিচালনা করা হবে এবং তা দ্রুততম সময়ের মধ্যে হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার বৃহৎ পরিসরে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন।