একুশে গ্রন্থমেলার পরিসর সোহরাওয়ার্দী পর্যন্ত বাড়ল
প্রকাশকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার অমর একুশে গ্রন্থমেলার পরিসর বাড়ছে। বাংলা একাডেমি চত্বরের বাইরে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বসবে বইয়ের স্টল। আজ সোমবার বিকেলে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত এক আন্ত মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, বাংলা একাডেমিতে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলার মূল মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি চত্বরে। একাডেমি চত্বরে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টল থাকবে। প্রকাশকদের বইয়ের স্টল থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি, কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম, মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক এবং মেলা-সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।