একুশে টিভির চেয়ারম্যান সালাম মুম্বাইয়ে তিন দিনের রিমান্ডে
একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে ভারতের মুম্বাই পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তলের সাতটি গুলিভর্তি ম্যাগাজিনসহ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সালামের গ্রেপ্তারের খবর প্রকাশ করে।মুম্বাই পুলিশের অতিরিক্ত কমিশনার (পশ্চিমাঞ্চল) অমিতাভ গুপ্ত প্রথম আলোকে জানান, গ্রেপ্তার আবদুস সালামকে শুক্রবার মুম্বাইয়ের আন্ধেরী এলাকায় আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হয়। আদালত ২৫ এপ্রিল পর্যন্ত তাঁর রিমান্ড মঞ্জুর করেন। সোমবার একটি বিশেষ আদালতে তাঁর জামিনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। তার বিরুদ্ধে ভারতীয় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ করা হয়েছে।গত বৃহস্পতিবার সকালে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের বিমানে ঢাকায় আসার পথে নিরাপত্তা-তল্লাশির সময় সালামের ব্যাগে ওই গুলি পান বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা।এ বিষয়ে একুশে টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক অঞ্জন রায় গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘তিনি অফিসের কাজে ভারতের শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক জি-গ্রুপের সঙ্গে আলোচনার জন্য ভারতে গিয়েছিলেন। নিজের লাইসেন্স করা অস্ত্রটি তিনি রেখে গেলেও ভুলে ব্যাগে এর গুলি নিয়ে যান।’