একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে গত মঙ্গলবার একুশে টেলিভিশনের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ‘পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ’ এই স্লোগান নিয়ে ২০০০ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় একুশে টেলিভিশনের।
পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পয়লা বৈশাখ সকালে আনন্দ শোভাযাত্রা এবং কারওয়ান বাজার পেট্রোবাংলার সামনে আয়োজন করা হয় দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় একুশে টেলিভিশন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেক কাটেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে একুশে টেলিভিশনের সম্প্রচারে যেসব বাধা রয়েছে, এ সম্পর্কে তাঁর সরকার অবগত রয়েছে। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই একুশে টেলিভিশন সব বাধা অতিক্রম করে তার পূর্ণ সম্প্রচারে ফিরে আসবে।’ এ সময় উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম, পরিচালক মঞ্জুরুল আলমসহ বিশিষ্টজনেরা এবং একুশে পরিবারের সদস্যরা।
সকাল থেকেই রাজনীতিবিদ, ব্যবসায়ী, কবি, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একুশে টেলিভিশনে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি।