একুশে পদক ২০১৫-এর জন্য মনোনয়ন আহ্বান
২০১৫ সালের একুশে পদক দেওয়ার লক্ষ্যে যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মনোনয়ন আহ্বান করেছে সরকার। আগামী ২০ নভেম্বরের মধ্যে মনোনয়ন বা এ-সংক্রান্ত প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।
আজ বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একুশে পদক দেওয়াসংক্রান্ত নীতিমালা অনুযায়ী সাংবাত্সরিক আয়োজন হিসেবে ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সব ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে এ বছরও একুশে পদক দেওয়া হবে।
বিবরণীতে আরও বলা হয়, সব মন্ত্রণালয় বা বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থা, সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সব জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক বা একুশে পদকে ভূষিত সুধীবৃন্দকে আগামী ২০ নভেম্বরের মধ্যে মনোনয়ন বা প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হচ্ছে।
এ-সংক্রান্ত যাবতীয় তথ্য ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moca.gov.bd এবং তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moi.gov.bd এ পাওয়া যাবে।