একুশে পদকপ্রাপ্ত আবুল মোমেনকে চট্টগ্রামে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশ ও সমাজকে আলোর পথে নিয়ে যেতে যা কিছু প্রয়োজন, আবুল মোমেন তা-ই করেছেন। দেশের সংকটকালে কলম ধরেছেন, পথে নেমেছেন। সাহিত্য ও সামাজিক আন্দোলনের মাধ্যমে তিনি সমাজ জাগরণের কাজ করেছেন।’
সাংবাদিকতায় একুশে পদক পাওয়ায় কবি-সাংবাদিক আবুল মোমেনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল বুধবার বক্তারা এসব কথা বলেন। আবুল মোমেন সংবর্ধনা পর্ষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিকেলে সংগীত সংগঠন রক্তকরবীর গানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শহীদজায়া মুশতারী শফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা, চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আবুল মনসুর, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত, সাহিত্যিক ফেরদৌস আরা আলীম, আনোয়ারা আলম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, কবি-সাংবাদিক ওমর কায়সার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
শুভেচ্ছা বক্তব্যের আগে সংবর্ধনা পর্ষদের পক্ষ থেকে আবুল মোমেনকে মানপত্র প্রদান ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এ সময় চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে আবুল মোমেনের জীবনী তুলে ধরেন কবি-সাংবাদিক কামরুল হাসান বাদল।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শান্তনু বিশ্বাস ও উদীচীর সদস্যরা।