শোবার ঘরে খুন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী আফতাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফতাব আহমেদ
আফতাব আহমেদ

রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে নিজ বাড়ির শোবার ঘর থেকে আলোকচিত্রী আফতাব আহমেদের (৮০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, হত্যার পেছনে আফতাব আহমেদের ব্যক্তিগত গাড়িচালক মোহাম্মদ রিপন ও বাড়ির খণ্ডকালীন তত্ত্বাবধানকারী জড়িত আছেন বলে পুলিশ সন্দেহ করছে।

আফতাব আহমেদ ১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাকে ফটোসাংবাদিক হিসেবে যোগ দেন। ২০০১ সালে তিনি অবসরে যান। তিনি তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে একুশে পদক পান। এ ছাড়া তিনি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, ৬৩ পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে চারতলা বাড়ির মালিক ছিলেন আফতাব আহমেদ। তিনি বাড়িটির তিনতলায় একা থাকতেন। বছর তিনেক আগে তাঁর স্ত্রী মারা যান। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছেন। তাঁর বড় ছেলে সাগর স্ত্রী-সন্তান নিয়ে যশোরে থাকেন। আর মেয়ে বর্ণা স্বামীসহ গাজীপুরের জয়দেবপুরে থাকেন। তিনি সেখানকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে আফতাবের বাসার খণ্ডকালীন গৃহকর্মী নাসিমা আক্তার কাজ করতে আসেন। তিনি তিন তলায় আফতাবের ফ্ল্যাটে ঢোকার দরজা বন্ধ পান। পরে তিনি মেয়ে বর্ণাকে ফোন করে ঘটনা জানান। মেয়ে তখন রামপুরা থানার পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাসার দরজার তালা ভেঙে ভেতরে যায়। পুলিশ মেঝেতে রক্তাক্ত অবস্থায় আফতাবকে পড়ে থাকতে দেখে। তাঁর দুই হাত-পা বাঁধা ছিল এবং মাথা থেঁতলানো ছিল। ঘরের মালপত্র লন্ডভন্ড ও আলমারির দরজা ভাঙা ছিল। সুরতহাল প্রতিবেদনের পর পুলিশ আফতাবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী নাসিমাকে ডিবি পুলিশ নিয়ে গেছে। ওই বাড়িতে সিআইডি ও র্যাবের কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন।

গৃহকর্মী নাসিমা প্রথম আলো ডটকমকে বলেন, সকালে তিনি কাজ করতে গিয়ে ফ্ল্যাটের ফটকে তালা লাগানো দেখেন। তিনি কীভাবে মারা গেছেন, তা তিনি জানেন না।

মেয়ে বর্ণা বলেন, রাজধানীর আর কে মিশন রোডে তাঁর বাবার একটি ফ্ল্যাট ছিল। সম্প্রতি তিনি এটি বিক্রি করেন। তবে সেই টাকা ব্যাংকে না রেখে তিনি বাসায় রেখেছিলেন। এ ছাড়া রয়্যালটির টাকা ও বাড়ির  ভাড়াও বাড়িতেই রাখতেন। তাঁর ধারণা, টাকার খবর জানতে পেরে চালক ও খণ্ডকালীন তত্ত্বাবধায়ক তাঁর বাবাকে খুন করেছেন।