একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক দম্পতিকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত দম্পতি বিচারপতি কাজী এবাদুল হক ও অধ্যাপক শরিফা খাতুনকে গতকাল শুক্রবার ফেনীতে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সকালে ফেনী শহরের মিজান রোডে জেলা পরিষদের নাট্যাচার্য সেলিম আল দীন মিলনায়তনে এই ভাষাসৈনিক দম্পতিকে সংবর্ধনা দেওয়া হয়।
ভাষাসৈনিক কাজী এবাদুল হক ও শরিফা খাতুন দম্পতির বাড়ি ফেনী জেলায়।
স্থানীয় দৈনিক ফেনীর সময় ও আলোকিত ফেনী ফাউন্ডেশনের উদ্যোগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, শিক্ষক রফিক রহমান, সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবসার ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন।
বিচারপতি কাজী এবাদুল হক ভাষা আন্দোলনের স্মৃতিচারণা করে বলেন, তৎকালীন যুবলীগের নেতা খাজা আহম্মদের নেতৃত্বে ফেনীতে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে। তিনি ভাষা আন্দোলনে তোফাজ্জল হোসেন, আবদুল ওহাব, আবুল কাসেম, লুৎফুর রহমান ও আমির হোসেনের ভূমিকার কথা স্মরণ করেন।
কাজী এবাদুল হক জানান, ভাষা আন্দোলনের সময় ফেনী কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন জিয়া উদ্দিন আহমদ। আর তিনি ছিলেন সাহিত্য সম্পাদক।