একুশে পদকের জন্য ১২ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ভাষাসংগ্রামীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০১৩ সালের একুশে পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করেছে সরকার। ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করবেন।গতকাল বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদকের জন্য নির্বাচিত ব্যক্তিরা হলেন: ভাষা আন্দোলনের জন্য এম এ ওয়াদুদ (মরণোত্তর), অধ্যাপক অজিত কুমার গুহ (মরণোত্তর), অধ্যক্ষ মো. কামরুজ্জামান (মরণোত্তর) ও তোফাজ্জল হোসেন। মুক্তিযুদ্ধের জন্য সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, সমাজসেবায় নূরজাহান মুরশিদ (মরণোত্তর) ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে কবি রফিক আজাদ এবং আসাদ চৌধুরী, শিল্পকলায় কাদেরী কিবরিয়া, জামালউদ্দিন হোসেন ও বিজয় কৃষ্ণ অধিকারী (চারণ কবি বিজয় সরকার—মরণোত্তর)। এ ছাড়া শিল্পকলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পদক পাচ্ছে।